২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসিতে দ্বিতীয় দিন অনুপস্থিত ৪৬ হাজার শিক্ষার্থী

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে বহিষ্কার হয়েছে ২৫ জন, যার মধ্যে ২৪ জনই মাদ্রাসা শিক্ষার্থী। যশোর বোর্ডে পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন বিভিন্ন বোর্ডে ৪৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবারের পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে বহিষ্কার হয়েছে ২৫ জন, যার মধ্যে ২৪ জনই মাদ্রাসা শিক্ষার্থী। এছাড়া যশোর বোর্ডে পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। জেএসসি-জেডিসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেএসসি-জেডিসিতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। এই পরীক্ষা শেষ হবে ১৫ নভেম্বর। পরীক্ষা শুরুর প্রথম দিন জেএসসি-জেডিসিতে ৬৮ হাজার ১৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, বহিষ্কার হয়েছিল ১৫ শিক্ষার্থী। এনিয়ে প্রথম দুটি পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪৯৫ জন এবং বহিষ্কৃতের সংখ্যা ৪০ জন। পরীক্ষার দ্বিতীয় দিনে আট বোর্ডের অধীনে জেএসসিতে ৩৭ হাজার ৭০৬ জন এবং জেডিসিতে ৮ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ঢাকা বোর্ডে ১৪ হাজার ৫৯২ জন, চট্টগ্রামে ৩ হাজার ৫৩৯ জন, রাজশাহীতে ৪ হাজার ৩৬১ জন, বরিশালে ২ হাজার ৬৮৩ জন, সিলেটে ১ হাজার ১৩১ জন, দিনাজপুরে ৩ হাজার ৩৩৯ জন, কুমিল্লায় ২ হাজার ১৯২ জন এবং যশোর বোর্ডে ৫ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবার দেশের ২ হাজার ২৫০টি কেন্দ্রে জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন। এর মধ্যে ১০ লাখ ১১ হাজার ৫০৩ জন ছাত্রী এবং ৮ লাখ ৯৬ হাজার ৮৬২ জন ছাত্র। ছাত্রের চেয়ে এবার ছাত্রীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৪১ জন বেশি। শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত বছরের চেয়ে এবার এই পরীক্ষায় ৪৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী বেড়েছে। গত বছর জেএসসি ও জেডিসিতে ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার জেএসসিতে ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ২৬ হাজার ৮২ জন ছাত্রী এবং ৭ লাখ ২৭ হাজার ৪৯৩ জন ছাত্র। আর জেডিসিতে ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৪২১ জান ছাত্রী এবং ১ লাখ ৬৯ হাজার ৩৬৯ জন ছাত্র। এবার জেএসজিতে ১ লাখ ৪৯ হাজার ৩৯২ জন এবং জেডিসিতে ২৩ হাজার ২৯২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়া জেএসসিতে ১ লাখ ৩৬ হাজার ৭১১ জন এবং জেডিসিতে ২০ হাজার ৩০১ জন বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য) অংশ নিচ্ছে। বিদেশের সাতটি কেন্দ্রের মধ্যে জেদ্দায় ১০৬ জন, রিয়াদে ১০৯, ত্রিপলীতে আট, দোহায় ৭২, আবুধাবীতে ৩৯, দুবাইয়ে ১৮ এবং ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এছাড়া এবার প্রথমবারের মত মাসকাট এবং ওমানে ১০ জন করে শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হচ্ছে। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছেন। দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীর (যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না) জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে। ২৭ হাজার ৬৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে জেএসসি এবং ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০০০ ঘ.