কুমিল্লা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুই ট্রলার চালকের কথা কাটাকাটির জেরে পাথর নিক্ষেপে সোমবার এক কিশোর নিহত হয়েছে।
নিহত শাকিল (১৭) দাউদকান্দি উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, স্থানীয় ট্রলার চালক আনোয়ার হোসেনের কথিত পরকীয়া প্রেম নিয়ে অন্য ট্রলার চালক হেলু মিয়া প্রায়ই তার বিরুদ্ধে কটুক্তি করতো। এ নিয়ে সোমবার বিকালে দাউদকান্দি পৌর এলাকার ট্রলার ঘাটে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলু মিয়া অপর ট্রলার চালক আনোয়ার হোসেনকে পাথর ছুঁড়ে মারে।
এসময় পাশে দাঁড়ানো শাকিলের মাথায় পাথরটি পড়লে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে স্থানীয় এলহাম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে।
পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্ল¬া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24