২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাজিরা দিতে এসে সন্তান প্রসব

চোরাচালানের একটি মামলায় আসামি হিসাবে ঢাকার আদালতে হাজিরা দিতে এসে আইনজীবীর চেম্বারে সন্তান প্রসব করেছেন একজন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালানের একটি মামলায় আসামি হিসাবে ঢাকার আদালতে হাজিরা দিতে এসে আইনজীবীর চেম্বারে সন্তান প্রসব করেছেন একজন নারী। রাজশাহী শহরের রাজপাড়া এলাকার রেহেনা বেগম সোমবার সকালে পুরান ঢাকার আদালত পাড়ায় আনোয়ার টাওয়ারের দ্বিতীয় তলায় অ্যাডভোকেট এনামুল হক টিপুর চেম্বারে একটি পুত্রসন্তানের জন্ম দেন। আইনজীবী টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা ও সদ্যোজাত শিশু দুজনই সুস্থ আছেন। রেহেনাকে কাপড় এবং রাজশাহী ফিরে যাওয়ার টাকাও দিয়েছেন এই আইনজীবী। তিনটি মেয়ের পর একটি ছেলে হয়েছে রেহেনার। তার স্বামী মুহাম্মদ হাসান রিকশাচালক। আইনজীবী টিপু জানান, ২০১০ সালে কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারার একটি মামলার আসামি রেহেনা জামিনে ছিলেন। ওই মামলায় মোট নয় আসামির আটজনই নারী। ১৩টি ভারতীয় শাড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। একই মামলার আসামি রেহেনার স্বজন চম্পা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেহেনা রোববার পর্যন্ত একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। মামলার গত তারিখেও আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০৩৮ ঘ.