২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসেমের পূর্ণ সদস্য হলো বাংলাদেশ

প্রতিষ্ঠার ১৬ বছর পর ৫১ দেশের জোট এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার ১৬ বছর পর ৫১ দেশের জোট এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার লাওসের ভিয়েনতিয়েনে শুরু হওয়া আসেমের নবম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশকে পূর্ণ সদস্য ঘোষণা করা হয়। ‘শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় ভিয়েনতিয়েনের ন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়। শুরুতেই আসেমের চেয়ারম্যান ও লাওসের প্রধানমন্ত্রী থংসিং থামাভং স্বাগত বক্তব্যে বাংলাদেশের পাশাপাশি নরওয়ে ও সুইজারল্যান্ডকে পূর্ণ সদস্য ঘোষণা করেন। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে এ জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এ জোটের সদস্য হওয়ার উদ্যোগ নিয়েছিলাম।” এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ, নরওয়ে ও সুইজারল্যান্ডকে জোটের সদস্য করার ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ তিনটির জাতীয় সংগীতের সুর বাজানো হয়। তিন দেশের পতাকাও রাখা হয় মঞ্চের সামনে। এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে চলমান এ সম্মেলনে এশিয়া ও ইউরোপের অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যকার জাতিগত দাঙ্গার বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া ও ইউরোপের ৪৮টি দেশের অংশগ্রহণে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে আসেম। প্রতিষ্ঠাকালীন ৪৮ সদস্যের মধ্যে এশিয়ার ১৯টি এবং ইউরোপের ২৭টি দেশ ছিল। এছাড়া ইউরোপীয় কমিশন ও এশিয়ান সেক্রেটারিয়েটকেও এর প্রতিষ্ঠাকালীন সদস্য করা হয়। সে বছর ১ ও ২ মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এর প্রথম সম্মেলন হয়। সর্বশেষ ২০১০ সালের ৪-৫ অক্টোবর ব্রাসেলসে এই জোটের সম্মেলন হয়। আসেমের সদস্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া,অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রুনেই, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কোরিয়া, লাওস, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মালয়শিয়া, মালটা, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ফিলিপাইনস, পোল্যান্ড, রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৬৩০ ঘ.