২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি করপোরেশনে ভোট ২০ ডিসেম্বর

আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ নভেম্বরের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২১ ও ২২ নভেম্বর। আর প্রত্যাহার করা যাবে ২৯ নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সোমবার কমিশনের সম্মেলন কক্ষে ভোটের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের অবস্থান করায় তার অনুপস্থিতিতে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে গত ২৮ জুন রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে সরকার। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই। এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় কাজী হাসান আহম্মেদকে। আইন অনুযায়ী, ২৫ ডিসেম্বরের মধ্যে রংপুরে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনার মোবারক জানান, নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে আংশিকভাবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। সহকারী হিসাবে তার সঙ্গে থাকবেন রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার, গাইবান্ধার মো. আজিজুল ইসলাম, কুড়িগ্রামের মো. তাজুল ইসলাম ও লালমনিরহাটের মো. আবদুর রহিম। নির্বাচন কমিশনার আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মোহাম্মদ সাদিক তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন। ইসি কর্মকর্তারা জানান, রংপুরে ব্যবহারের জন্য ১১শ’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধি দলকে নির্দেশনা দেয়া হয়েছে। ক’টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, তা বুয়েটের কাছ থেকে ইভিএম পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। রংপুরের ৩৩টি সাধারণ ওয়ার্ড এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের সীমানা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। ভোটার রয়েছে মোট ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন; আর নারী ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন। ১৯০টি কেন্দ্রের ১ হাজার ২০০ ভোটকক্ষে তারা ভোট দেবেন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি হবে প্রথম স্থানীয় সরকার নির্বাচন। এ কমিশন ইতোমধ্যে গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচনের আয়োজন করেছে। এছাড়া টাঙ্গাইলে উপ নির্বাচন হবে ১৮ নভেম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২৩০ ঘ.