২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের এসপি প্রত্যাহার

কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে হামলার প্রায় এক মাস পর জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে, যাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বৌদ্ধ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে হামলার প্রায় এক মাস পর জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে, যাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বৌদ্ধ নেতারা। রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ধর্মীয় উগ্রপন্থীরা। এ ঘটনার জেরে পরদিন চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়। শুরু থেকেই হামলার সময় পুলিশ নির্বিকার ছিল বলে অভিযোগ করে আসছে স্থানীয়রা। কক্সবাজারের পুলিশ সুপার ছাড়াও পুলিশের আরো ছয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে একই দিন। এদের মধ্যে চার জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং দুইজন পুলিশ সুপার (এসপি)। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ডিআইজি হিসাবে পদোন্নতি পাওয়া সিআইডির অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), র‌্যাবের পরিচালক মঞ্জুর কাদের খানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ওএসডি ডিআইজি আব্দুল্লাহেল বাকিকে পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল, ডিআইজি হিসাবে পদোন্নতি পাওয়া বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ভানুলাল দাসকে সিআইডির ডিআইজি করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে সদরদপ্তরে সংযুক্ত করার পাশাপাশি পটুয়াখালীর এসপি আজাদ মিয়াকে করা হয়েছে কক্সবাজারের এসপি। এ ছাড়া ঢাকা টেলিকমের পুলিশ সুপার রফিকুল হাসান খানকে পটুয়াখালী এসপি হিসাবে বদলি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পুলিশের ৫১জন শীর্ষ কর্মকর্তা পদে রদবদল আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৩৭ ঘ.