২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের সেই স্কুলছাত্রী

অপহরণের তিন দিন পরও লক্ষ্মীপুরের সেই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ, যেই অপহরণে যুবলীগের স্থানীয় এক নেতা জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিন দিন পরও লক্ষ্মীপুরের সেই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ, যেই অপহরণে যুবলীগের স্থানীয় এক নেতা জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রোববার মোজাম্মেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি যুবলীগ নেতা সৌরভ এখনো আটক হননি। সদর থানার ওসি লিটন দেওয়ান সাংবাদিকদের বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার মোজাম্মেল ওই ছাত্রীর চাচার করা মামলার অন্যতম আসামি। লক্ষ¥ীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ওই ছাত্রীর এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। রোববার সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার অপহরণের পর শনিবার সদর থানায় সৌরভসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। এতে অভিযোগ করা হয়, জুম্মার নামাজের সময় ওই ছাত্রীর বাড়িতে একটি মাইক্রোবাস ও ১০/১২টি মোটরসাইকেল নিয়ে হানা দেয় সদর উপজেলার শাকচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৌরভের নেতৃত্বে একদল যুবক। তারা বাড়ির লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। আসামির তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- সৌরভ, মাসুম, মনির হোসেন, জাবেদ, মোজাম্মেল ও সৌরভের বাবা হোসেন আহমদ বেপারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২১১৫ ঘ.