ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় ধারালো কিছুর আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে।
নবজাতকের বাবা জিয়াউল সাংবাদিকদের জানান, বাচ্চা প্রসবের জন্য মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে তার স্ত্রী রোজিনা জেসমিনকে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের আগে বাচ্চা সুস্থ আছে জানালেও অস্ত্রোপচারের পর চিকিৎসক জানায় শিশুটি মায়ের গর্ভেই মারা গেছে।
নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সরকার জানান, নবজাতকের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৪৯ ঘ.
bdnews24