২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ পেতে ঘুষ: ওবায়দুল করিমের মামলা চলবে

যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে ঘুষ দেয়ার অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল- তা স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে ঘুষ দেয়ার অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল- তা স্থগিত করেছে আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদন মঞ্জুর করে রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাই কার্টের আদেশ স্থগিত করে দেন। আদালতে ওবায়দুল করিমের পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও আহসানুল করিম। দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। আদেশের পর মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ আমাদের লিভ টু আপিল মঞ্জুর করে হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন। এখন নিম্ন আদালতে মামলা চলতে আর কেনো বাধা নেই।” যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে গাড়ি ঘুষ দেয়ার অভিযোগে ২০০৭ সালের ৫ জুন ধানমন্ডি থানায় একটি মামলা হয় ওবায়দুল করিমের বিরুদ্ধে। গাড়িটি সাবেক হুইপ আশরাফ হোসেনের নামে শুল্কমুক্ত কোটায় আমদানি করা হয়েছিল বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। দুর্নীতি দমন কমিশন ওই বছরের ১২ নভেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। বাকি চার আসামি হলেন- আশরাফ হোসেন, হারিছ চৌধুরী, মাসুম আহম্মেদ ও আব্দুস সালাম। আশারাফ হোসেনও মামলা বাতিলের দাবি নিয়ে হাই কোর্টে এসেছিলেন। তবে তার আবেদন হাই কোর্টেই খারিজ হয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়, ওবায়দুল করিম ফ্লাইওভারের কাজ পেতে হারিছ চৌধুরীকে যে গাড়িটি উপহার দেন, আশারাফ হোসেন সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত কোটায় সেটি আমদানি করেন। আর মাসুম আহম্মেদ হলেন হারিছ চৌধুরীর শ্যালক, সালাম গাড়িচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৪৫ ঘ.