২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতি এক দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো’

চট্টগ্রামের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। রোববার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী আখতারুজ্জামান বাবু। তার মৃত্যুর খবরে দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আখতারুজ্জামান বাবু সংসদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্প উদ্যোক্তা। তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে তার ‘সাহসী’ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শোক বার্তায় বলেন, “তার মৃত্যুতে আওয়ামী লীগ হারিয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত এক ত্যাগী নেতাকে, জাতি হারিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে। ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি এক অকৃত্রিম সুহৃদ।” শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল স্বাক্ষরিত শোক বার্তায় উরেøখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জেকে/১২৪০ ঘ.