২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির হারুনকে দুদকে জিজ্ঞাসাবাদ

মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান হারুন। একটু পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক কর্মকর্তারা। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন। এই দুই মামলায় গত ১১ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের পর সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সমন্বয়ক হারুনকে কারাগারে পাঠানো হয়। সেদিন তার সঙ্গে কারাগারে যাওয়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। হাই কোর্ট জামিনের আদেশ দেয়ার পর ১৮ অক্টোবর মুক্তি পান হারুন-অর-রশিদ। আপিল বিভাগও তার জামিন বহাল রাখে। ডেসটিনি ২০০০ লিমিটেডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার শর্তসহ বেশ কিছু শর্তে তাকে জামিন দেওয়া হয়। মামলার তদন্তে দুদককে সহায়তা করতেও হারুনকে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১২২০ ঘ.