২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা শুরু

দেশের দুই হাজার ২৫০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:03 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই হাজার ২৫০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর জেএসসি-জেডিসিতে অংশ নিচ্ছে ১৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ১০ লাখ ১১ হাজার ৫০৩ জন ছাত্রী এবং ৮ লাখ ৯৬ হাজার ৮৬২ জন ছাত্র। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের চেয়ে এবার ছাত্রী সংখ্যা এক লাখ ১৪ হাজার ৬৪১ জন বেশি। শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত বছরের চেয়ে এবার এ পরীক্ষায় ৪৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী বেড়েছে। গত বছর জেএসসি ও জেডিসিতে ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার জেএসসিতে ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৮ লাখ ২৬ হাজার ৮২ জন ছাত্রী এবং ৭ লাখ ২৭ হাজার ৪৯৩ জন ছাত্র। আর জেডিসিতে ৩ লাখ ৫৪ হাজার ৭৯০ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮৫ হাজার ৪২১ জান ছাত্রী এবং এক লাখ ৬৯ হাজার ৩৬৯ জন ছাত্র। এবার জেএসজিতে এক লাখ ৪৯ হাজার ৩৯২ জন এবং জেডিসিতে ২৩ হাজার ২৯২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়া জেএসসিতে এক লাখ ৩৬ হাজার ৭১১ জন এবং জেডিসিতে ২০ হাজার ৩০১ জন বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য) অংশ নিচ্ছে। বিদেশের সাতটি কেন্দ্রের মধ্যে জেদ্দায় ১০৬ জন, রিয়াদে ১০৯, ত্রিপলীতে ৮, দোহায় ৭২, আবুধাবীতে ৩৯, দুবাইয়ে ১৮ এবং ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এছাড়া এবার প্রথমবারের মত মাসকাট এবং ওমানে ১০ জন করে শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা এবার সৃজনশীল প্রশ্নে হবে। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীর (যাদের হাত নেই বা হাত দিয়ে লিখতে পারে না) জন্য শ্রুতি লেখকের সুযোগও রাখা হয়েছে। ২৭ হাজার ৬৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শেষ হবে ১৫ নভেম্বর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে জেএসসি এবং ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০০৩ ঘ.