বরিশাল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্থানীয় দুই সাংবাদিকদের উপর হামলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবারের ওই হামলায় আহত হন দৈনিক বরিশাল বার্তার প্রতিবেদক সাইফুল মৃধা এবং স্থানীয় দৈনিক ভোরের অঙ্গীকারের প্রতিবেদক সেলিম ভুইয়া।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন মন্টে মনির, ইমানুল গাজী ও শামীম।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতনের একটি খবর সংগ্রহ করতে গেলে এ দুই সাংবাদিককে মারধর করা হয়।
স্থানীয়রা তাদের মোটরসাইকেল খালে ফেলে দেয়।
এই ঘটনায় থানায় অভিযোগ দিয়ে বের হওয়ার সময় মনির বেপারী ওরফে মন্টে মনির ও তার সহযোগীরা সাইফুল ও সেলিমের ওপর হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৪২ ঘ.
bdnews24