২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে অস্ত্রের মুখে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

দৈনিক করতোয়া’র সাংবাদিক রুদ্র রাসেলকে মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক করতোয়া’র সাংবাদিক রুদ্র রাসেলকে মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানা এলাকার মেরাদিয়ায় রাসেলের তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রুদ্র রাসেল খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। করোতোয়ার অপরাধ বিষয়ক প্রতিবেদক রাসেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তার মেরাদিয়ার ভুঁইয়াপাড়ার বাসায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সুমন-আলম গ্রুপের প্রধান সুমনসহ কয়েকজন সন্ত্রাসী ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চলে যায়। রাতে আবার ফোনে হুমকি দেওয়া হয় যে, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ইসা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এ চাঁদাবাজির ঘটনায় জড়িত ও হুমকিদাতা সুমনসহ অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯৪৯ ঘ.