২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমোনাই পীরের মামলার বাদীর মৃত্যু ‘নির্যাতনে’

চরমোনাই পীরের বিরুদ্ধে করা একটি মামলার বাদীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বরিশাল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমোনাই পীরের বিরুদ্ধে করা একটি মামলার বাদীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খসরু পারভেজের (৫০) মৃত্যু হয়। তিনি চরমোনাই ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামের মো. জয়নালের ছেলে। এদিকে স্থানীয় এক ইউপি সদস্য এ ঘটনায় নিহতের দুই প্রতিবেশীর বিরুদ্ধে একটি মামলা করেছেন। খসরুর ছেলে মো. জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে চরমোনাই হুজুরের লোকজন তার বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় তারাই আবার দিয়ে যায়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ অক্টোবর বরিশালে চরমোনাই পীর এবং সাবেক স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন খসরু পারভেজ। পরবর্তীতে অবশ্য এ মামলা প্রত্যাহার করেন পারভেজ। হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. এস এম সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে পারভেজের পেটের ভিতরের নাড়ীভুড়িতে ছিদ্র হয়েছে। এ কারণে তার মৃত্যু হয়। তিনি বলেন, রোগীর স্বজনরা জানায়-খসরুর পেটে কেউ লাথি মারায় তিনি অসুস্থ হয়েছেন। এদিকে কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজকে অপহরণের পর নির্যাতন করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আদালতে একটি নালিশী মামলা করেছেন ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য মো. হেলালউদ্দিন। মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানাকে। এসআই কবির আরো বলেন, হেলালউদ্দিনের মামলায় খসরুর প্রতিবেশী হালিম খন্দকার ও মো. মামুনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহার করে নেয়ায় হালিম ও মামুন মারধর করেছে পারভেজকে। অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টায় ডিঙ্গা মানিক গ্রামের কাঠের পোল টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে খসরু পারভেজকে অপহরণ করে নিয়ে যায় হালিম ও মামুনসহ অজ্ঞাতনামা ৩-৪ ব্যক্তি। পরে তাকে হালিমের বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। ওই দিন রাত ১টার দিকে খসরু পারভেজকে হালিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসআই গোলাম কবির আরো বলেন, খসরু পারভেজ অসুস্থ হওয়ার কারণ হিসেবে তার ছেলে জয়নাল আবেদিন জানান- পুকুর ঘাটে পড়ে তার বাবা আহত হয়েছেন। কিন্তু লোকজনকে বলেছেন- পীরের লোকজন তাকে বাড়ি থেকে নিয়ে যায়। প্রকৃত ঘটনা কী তা তদন্তের পর বলা যাবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.