ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়জন উপ মহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের শীর্ষ পর্যায়ের ৫১ কর্মকর্তার পদে রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার এসব বদলির আদেশ জারি হলেও শুক্রবার সরকারি ছুটির দিনে পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ছয় জন ডিআইজি, ১৯ জন অতিরিক্ত ডিআইজি ও ২৬ জন পুলিশ সুপার রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মহীউদ্দীন খান আলমগীর দায়িত্ব নেওয়ার পর এটাই পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রথম রদবদল।
বদলি হওয়া ডিআইজিদের মধ্যে ঢাকা রেঞ্জের আছাদুজ্জামানকে হাইওয়ে রেঞ্জে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইকবাল বাহার চৌধুরীকে রংপুর রেঞ্জে, রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মীর শহিদুল ইসলামকে রাজশাহী রেঞ্জে, রংপুরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি হুমায়ূন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার হাবিবুর রহমান। ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ইতোমধ্যে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। তাকে ঢাকা রেঞ্জেই রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/জেকে/১৬২৯ ঘ.
bdnews24