বরগুনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের একদিন পর বরগুনা সদর থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাসুকী গ্রামে উদ্ধার অভিযানকালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন ফকির (২২) সদরের লতাকাটা গ্রামের বাসিন্দা।
কিশোরীর বাবা পুলিশকে জানান, স্থানীয় নুরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী বুধবার সকালে তালতলী বাজারে গিয়েছিল।
ওখান থেকে রিপন ফকির তাকে অপহরণ করে তার ভগ্নিপতি বাসুকী গ্রামের মনির হোসেনের বাড়ি নিয়ে আটকে রাখে এবং ধর্ষণ করে।
তালতলী থানার ওসি মো. শাহআলম বলেন, তারা বাসুকী গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও রিপনকে গ্রেপ্তার করেছেন।
এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে তালতলী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.
bdnews24