ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজী বিপ্লব (৩০)।
বণিকবার্তার প্রধান আলোকচিত্র সাংবাদিক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকরা শুক্রবার বিকাল ৩টায় বিপ্লবকে মৃত ঘোষণা করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক নাসিরুল ইসলাম জানান, শুক্রবার এশার নামাযের পর হাজারি বাগ পার্ক এলাকায় বিপ্লবের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজার পরে বিপ্লবের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
শনিবার সকাল ১১টায় তাকে শহীদ মিনারে নেওয়া হবে, যেখানে সর্বস্তরের জনগণ বিপ্লবকে শ্রদ্ধা জানাবেন।
নাসিরুল ইসলাম বলেন, “শহীদ মিনার থেকে বিপ্লবকে আনা হবে টিএসটির বটতলায়। এখানে আলোকচিত্র সাংবাদিকরা বিপ্লবকে শ্রদ্ধা জানাবেন।”
জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ আজিমপুর গোরস্থানে সমাহিত করা হবে এ আলোকচিত্র সাংবাদিককে।
গত রোববার রাতে টঙ্গী যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে বিপ্লবের মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
গুরুতর আহত বিপ্লব এরপর থেকে মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/জেকে/এসইউ/১৬১৯ ঘ.
bdnews24