ভিএসপি লাইসেন্স সংখ্যা ডিসেম্বরে চূড়ান্ত
ডিসেম্বরে লাইসেন্স সংখ্যা চূড়ান্ত করলে জানুয়ারির শুরুতেই লাইসেন্স দেয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বিটিআরসি চেয়ারম্যান। শামীম আহমেদের প্রতিবেদন।
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরে ভিএসপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স সংখ্যা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি।
ভিএসপি লাইসেন্স প্রত্যাশী প্রায় দেড় হাজার আবেদনের মূল্যায়ন কাজ আগামী ডিসেম্বরের শুরুতেই শেষ করছে বিটিআরসি এবং তার কিছু দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা করবে মন্ত্রণালয়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স আবেদন একটি সূত্র অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে, নভেম্বর শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতেই আবেদনগুলোর মূল্যায়ন চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মন্ত্রণালয়ে পাঠানোর পর দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স চূড়ান্ত করার কথা রয়েছে জানিয়ে সুনীল বোস বলেন, কত সংখ্যক লাইসেন্স দেয়া হবে, তা মন্ত্রণালয়ই ঠিক করে দেবে।
ডিসেম্বরে লাইসেন্স সংখ্যা চূড়ান্ত করলে আগামী জানুয়ারির শুরুতেই লাইসেন্স দেয়া যাবে বলে আশা প্রকাশ করেন বিটিআরসি চেয়ারম্যান।
বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনগুলোকে নম্বর বা গ্রেড দিয়ে চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অসম্পূর্ণ আবেদনপত্রগুলো বাতিল করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
গত ২২ জুলাই বিটিআরসির ওয়েবসাইটে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি লাইসেন্স প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্স আবেদন চেয়ে নোটিস দেয়া হয়। গত ১৪ অক্টোবর অর্থাৎ শেষ দিন পর্যন্ত প্রায় দেড় হাজার আবেদন জমা পড়ে।
লাইসেন্স নীতিমালা অনুযায়ী ভিওআইপি লাইসেন্সপ্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি নামে পরিচিত হবে।
তবে কত সংখ্যক লাইসেন্স দেয়া হবে, তা চূড়ান্ত নীতিমালায় উল্লেখ করা হয়নি।
নীতিমালায় বলা হয়েছে, লাইসেন্স পেতে ৫ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। লাইসেন্স ফি দিতে হবে ৫ লাখ টাকা। প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে ফি দিতে হবে ১ লাখ টাকা ।
এছাড়া লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট আয়ের শতকরা ১০ ভাগ সরকারকে দিতে হবে।
অবৈধ ভিওআইপি ঠেকাতে এই লাইসেন্স নীতিমালা প্রক্রিয়া শুরু হয় গত বছর।
বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন বৈধভাবে প্রায় তিন কোটি মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিটের বেশি কল অবৈধভাবে টার্মিনেশন করা হয়, যাতে সরকারের প্রায় ৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।
অবৈধভাবে কল টার্মিনেশন বন্ধে এবং সরকারের রাজস্ব ক্ষতি কমাতেই ভিএসপি লাইসেন্স দেয়ার উদ্যোগ নেয় বিটিআরসি।
বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তর্জাতিক কলে ৩ সেন্ট দেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩৩৬ ঘ.
