ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়, বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পিএসও আবদুল ওয়াদুদ।
এসময় তিনি বঙ্গবন্ধুর নির্দেশে প্রণীত প্রতিরক্ষা নীতির প্রেক্ষাপটে ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় গৃহীত সশস্ত্র বাহিনীর গত চার বছরের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
“রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করে গত চার বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।”
আগামী ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এ সময় রাষ্ট্রপতির কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলে তথ্যবিবরণীতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৯৩০ ঘ.
bdnews24