২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী থেকে নিখোঁজ, লাশ মিলল কেরানীগঞ্জে

রাজধানীর বংশাল থেকে নিখোঁজ এক যুবকের লাশ কেরানীগঞ্জের একটি বিলে পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থেকে নিখোঁজ এক যুবকের লাশ কেরানীগঞ্জের একটি বিলে পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের বামনশুরের বিল থেকে হাসান আলীর (৩০) গলিত লাশ উদ্ধার করা হয়। হাসান গত ২৫ অক্টোবর বংশালের নাজিমুদ্দিন রোডের ২৫ নম্বর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানান তার চাচাতো ভাই আক্তার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান সেদিন বিকালে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে যায়। বাসায় ফিরে না আসায় বংশাল থানায় একটি জিডি করা হয়।” তিনি জানান, সকালে কেরানীগঞ্জের বামনশুর বিলে একটি লাশ পাওয়া যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হাসানের মৃতদেহ সনাক্ত করে পুলিশে খবর দেয়। আক্তার বলেন, হাসান যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি ছোটখাট ব্যবসাও করতেন তিনি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে জানতে চাইলে আক্তার বলেন, “তার বন্ধুরাই এ ঘটনা ঘটাতে পারে। কারণ অবিবাহিত হাসান মাঝে মধ্যেই কেরানীগঞ্জ গিয়ে আড্ডা মারতো।” কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত জানান, হাসানের মৃতদেহে পচন ধরেছিল। “তাকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি,” বলেন তিনি। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে হাসান পঞ্চম ছিল। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এসইউ/১৬১৪ ঘ.