২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনের ‘অপব্যবহার’ বন্ধে আইন চান ব্যবসায়ীরা

ফরমালিনের ‘অপব্যবহার’ বন্ধে এসিড নিয়ন্ত্রণ আইনের মতো কঠোর বিধি প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরমালিনের ‘অপব্যবহার’ বন্ধে এসিড নিয়ন্ত্রণ আইনের মতো কঠোর বিধি প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর শন্তিনগর বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে আজাদ বলেন, এসিড সন্ত্রাস রোধে যেমন আইন আছে, তেমন আইন করে ফরমালিনের অপব্যবহার বন্ধের ব্যবস্থা করা প্রয়োজন। যারা মাছ, ফল বা শাকসব্জিতে ফরমালিন মিশিয়ে বিক্রি করে- বিশেষ আদালতে তাদের বিচার করে কঠোর শস্তি দেয়ারও দাবি জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী জি এম কাদের জানান, ইতোমধ্যে ফরমালিন আমদানি ও বিক্রির তথ্র নথিভুক্ত করার ব্যবস্থা হয়েছে। খাদ্যদ্রব্যে ফরমালিনসহ বিষাক্ত রাসায়নিকের ব্যবহার রোধে প্রয়োজনীয় আইন তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে। দেশের প্রতিটি বাজারকে ‘ফরমালিনমুক্ত’ রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের সহযোগিতা চান তিনি। এই অনুষ্ঠানে মন্ত্রী স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুদানে এবং এফবিসিসিআই সহযোগিতায় ফরমালিন পরীক্ষার বিশেষ যন্ত্র শান্তিনগর আদর্শ বাজার কমিটির কাছে হস্তান্তর করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ঢাকার প্রধান প্রধান ৩০টি বাজারে ফরমালিন পরীক্ষার এই যন্ত্র সরবরাহের ঘোষণা দেন। অনুষ্ঠানে জানানো হয়, এই বিশেষ যন্ত্র দিয়ে তিন জন প্রশিক্ষিত কর্মী প্রতিদিন এ বাজারে আসা বিভিন্ন পণ্য পরীক্ষা করে দেখবেন। কোনো পণ্যে ফরমালিন পাওয়া গেলে তা বাজারে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর মালিবাগ বাজারকেও ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রামে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়েছে তিনটি বাজারকে। এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক মো. হেলাল উদ্দিন ও শান্তিনগর বাজার কমিটির নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেএ/জেকে/১৬১৫ ঘ.