২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কার্যালয়ে মেঘ

মামলার তদন্তের প্রয়োজনে নিহত সাংবাদিক দম্পতির শিশুপুত্রের সঙ্গে কথা বলা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র শিশু সন্তান মাহির সরওয়ার মেঘের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সময় কাটিয়েছেন র‌্যাব সদস্যরা। বুধবার দুপুর ১টার দিকে মেঘ তার মামা নওশের রোমানের সঙ্গে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে যান, ফেরেন বিকাল সাড়ে ৪টার দিকে। র‌্যাবের মুখপাত্র এম সোহায়েল সাংবাদিকদের বলেছেন, “মেঘের সঙ্গে কথা বলে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে, যা মামলার তদন্তে কাজে লাগবে।” এটা ‘জিজ্ঞাসাবাদ’ নয় জানিয়ে তিনি বলেন, “আগেও মেঘ র‌্যাব সদর দপ্তরে এসেছিল। তবে এবারই প্রথম মামলার তদন্তের প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে আনার জন্য মেঘের মামাকে অনুরোধ করা হয়।” গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের ফ্ল্যাটে সাগর ও রুনি খুন হওয়ার সময় মেঘও ওই বাড়িতে ছিল। ওই হত্যাকাণ্ডের আট মাস পর এতে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তারের কথা জানায় সরকার, যাদের প্রায় সবাই চিহ্নিত অপরাধী। মেঘের মামা ও মামলার বাদি নওশের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম র‌্যাব দপ্তরে গিয়ে মেঘ বিরক্তবোধ করছিল এবং মাঝে মাঝে রেগে যাচ্ছিল। “পরে ঠিক হয়ে যায়। তবে তদন্ত কর্মকর্তা তাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাননি, কারণ মেঘ সব সময় খেলার মধ্যে ছিল।” মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হওয়ার পর থেকে সাংবাদিকরা এতে জড়িতদের গ্রেপ্তার দাবিতে আন্দোলন করে আসছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারের কথা বললেও তার মধ্যে কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ ব্যর্থতা স্বীকার করার পর আদালতের নির্দেশে এর তদন্তের দায়িত্বে আসে র‌্যাব। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানান, এ হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্ত করা হয়েছে। তার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যার কারণের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু না বলায় সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে অস্পষ্ট বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/২০৫০ ঘ.