২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মেয়েসহ শুটার ফিরোজ নিহত

শুটার ফিরোজ ১৯৯৫ সালে সাফ গেমসে সোনা জিতেছিলেন। নাটোরে এই দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন, যিনি মহিলা শুটিং দলের কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নাটোর/পাবনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাফ গেমসে স্বর্ণজয়ী শুটার ফিরোজ আহমেদ পাখি নিহত হয়েছেন। দুর্ঘটনায় ফিরোজের মেয়ে দুই বছরের মেয়ে পুষ্পিতা এবং গৃহকর্মী আয়না বেগমও মারা গেছেন। শুটার ফিরোজ আহমেদ পাখি ১৯৯৫ সালে সাফ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তার স্ত্রী ন্যাশনাল শুটিং ফেডারেশনের পিস্তল কোচ লাভলী চৌধুরী আঁখিও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার দুপুরে বড়াইগ্রামের আইড়মাড়ি সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ফিরোজ পাবনায় নিজের বাড়িতে ঈদ কাটিয়ে সপরিবারে ঢাকা ফিরছিলেন। পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতব্বর নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইড়মাড়ি এলাকায় ফিরোজের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে চলে যায়। “এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ হোসেন, তার মেয়ে পুষ্পিতা ও গৃহপরিচারিকা আয়না মারা যান।” বিকাল ৩টায় ফিরোজ, তার কন্যা ও গৃহপরিচারিকার মরদেহ পাবনা শহরের দিলালপুরের বাড়িতে পৌঁছলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে পাবনা জিলা স্কুল মাঠে জানাজা শেষে ফিরোজ ও তার মেয়েকে শহরের আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন রাজনৈতিক দল, ক্রীড়া, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে তারা ফিরোজের বাড়ি গিয়ে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.