ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা দুই পুলিশ সদস্যকে রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে বুধবার অস্ত্র মামলায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আর্মড এসআই জাহিদ হোসেন ও কনস্টেবল মো. সায়েমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে ১ হাজার ১০৩টি গুলি, ২ হাজার ৪১৫টি গুলির খোসা, ১টি রিভলবার, ১টি ম্যাগজিন ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হানিফ বাদি হয়ে পল্টন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। এজহারে বলা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের জন্য পুলিশ হেফাজতে নিতে চাইলে বিচারক সাত দিনের হেফাজত মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৩০৭ ঘ.
bdnews24