ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক সম্প্রসারণের জন্য গাজীপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
সংরক্ষিত ও প্রাকৃতিক বন থেকে গাছ কাটা যাবে না বলে এর আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল। ওই নীতিমালা আংশিক শিথিল করে এ অনুমোদন দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “রাস্তার দু’পাশের কিছু গাছ অপসারণ করা ছাড়া জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক সম্প্রসারণ করা যাবে না। এ জন্য আগের নীতিমালা শিথিল করে ওই সড়কের পাশে ৫ হাজার ৬৯৬টি শাল গাছ অপসারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।”
তবে সড়ক সম্প্রসারণ কাজ শেষ হলে কেটে ফেলা গাছের সমপরিমানের চেয়েও বেশি গাছ আবার লাগানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান সচিব।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় জীবপ্রযুক্তি নীতি-২০১২’-এর খসড়াও অনুমোদন হয় বলে মোশাররফ জানান।
তিনি বলেন, জীবপ্রযুক্তি একটি সময়োপযোগী বিষয়। এটি প্রস্তুত করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে।
এ নীতির ব্যবহৃত হবে রোগ নিরাময়, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য-পুষ্টি এবং পরিবেশ উন্নয়নে। নীতিতে প্রাধান্য পেয়েছে কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি প্রভৃতি বিষয়।
সচিব জানান, এ নীতির আওতায় তিনটি কমিটি থাকবে। এগুলো হলো- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স, মুখ্য সচিবের নেতৃত্বে নির্বাহী কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের নেতৃত্বে কারিগরি কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমআই/১৮০০ ঘ.
bdnews24