ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর আলোচিত জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার তৈরি করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
এই মামলায় অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুল হক বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই সংক্ষিপ্তসার জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অন্যতম আলোচিত এই হত্যা মামলা নতুন ধাপে উন্নীত হলো।”
সংক্ষিপ্তসার পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আগামী ৪ নভেম্বর আমরা শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করব। এর মধ্যে সংক্ষিপ্তসারটি আদালতে জমা দেয়া হবে।”
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।
আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেয় আদালত।
আনিসুল হক বলেন, পলাতক থাকায় পুলিশ ওই দুই জনকে গ্রেপ্তার করতে পারেনি। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে আপিল বিভাগের শুনানিতে আইনজীবী নিয়োগ দিতে পারবে না। সেক্ষেত্রে তাদের আইনজীবী ছাড়াই আপিল বিভাগে শুনানি চালিয়ে নিতে আইনি কোনো বাধা থাকবে না ।
এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে আপিলের আবেদন অকার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়েছিল।
ওই আদেশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে সংক্ষিপ্তসার জমা দিতে বলা হলেও তা প্রস্তুত করা হলো এক বছর আট মাস পর।
এ বিষয়ে আনিসুল হক বলেন, “এই মামলায় ৬৪ জন সাক্ষীর সাক্ষী ছিল। তাদের সাক্ষ্য পর্যালোচনা করে এই সংক্ষিপ্তসার তৈরিতে সময় লেগেছে। সংক্ষিপ্ত আবেদনে আমরা নিম্ন আদালতের রায় বহাল রাখার আবেদন করেছি।”
জাতীয় চার নেতা হত্যা মামলার অধিকাংশ আসামি আদালতের রায়ে খালাস পাওয়ায় তা পুনর্বিচারের বিষয়টি উঠে আসে।
জেল হত্যা মামলার বিচার সঠিকভাবে হয়নি- এমন অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা রায় পুনর্বিচার দাবি করে আসছিলেন। সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা শুরুতে বলেছিলেন। তবে বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কায় ওই অবস্থান থেকে সরে আসে সরকার।
বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে বহু প্রতীক্ষিত জেল হত্যা মামলারও চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। গত বছরের ৭ নভেম্বর শুরু হয় আপিল আবেদনের শুনানি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24