২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে জুতার মালা পরানোয় ওসিকে তলব

বরিশালের উজিরপুরে এক শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় ওই থানার ওসিসহ তিনজনকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে এক শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় ওই থানার ওসিসহ তিনজনকে তলব করেছে হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস বুুধবার এই আদেশ দেয়। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন পাণ্ডে, উজিরপুর উপজেলার হারতা এলাকার নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়ালকেও তলব করেছে হাই কোর্ট। এই দুই ব্যক্তিকে নিয়ে আগামী ১৫ নভেম্বর আদালতে হাজির থাকতে বলা হয়েছে উজিরপুরের ওসিকে। পাশাপাশি শিক্ষককে লাঞ্ছনাকারীদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং লাঞ্ছনাকারী রাজনৈতিক নেতা ও সেখানে উপস্থিত স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে দ-বিধি অনুসারে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উজিরপুর থানার ওসি, আওয়ামী লীগ নেতা লিটন পাণ্ডে, ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়ালকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। গত ২১ অক্টোবর দৈনিক আমার দেশে ‘চাকরি দিতে অনিয়ম না করার জের: বরিশালে শিক্ষককে মেরে জুতার মালা পরিয়ে দিল আ.লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকে আসাদুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার এই রিট আবেদন করেন। প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে কেরানি পদে নিয়োগ পরীক্ষা হয়। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন পাণ্ডেসহ ১৫ জন ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে নিয়োগ পান রতন রায় নামের একজন। “চাকরি না পেয়ে ক্ষুব্ধ লিটন পাণ্ডে দলবল নিয়ে চড়াও হন প্রধান শিক্ষক অনাথ বন্ধু হালদারের ওপর। এ সময় আ. লীগ নেতাকর্মীরা তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।” স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল ও শিক্ষার্থীরা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫০ ঘ.