২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হতাহতদের মধ্যে বাংলাদেশি নেই’

যুক্তরাষ্ট্রে টেলিফোন করে ঘূর্ণিঝড় স্যান্ডি কবলিত বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

লাবলু আনসার নিউইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, ৩১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিফোন করে ঘূর্ণিঝড় স্যান্ডি কবলিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, মঙ্গলবার রাত পর্যন্ত হতাহতদের যে তথ্য পাওয়া গেছে, তাদের ভেতরে কোনো বাংলাদেশি নেই। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) ঢাকা থেকে নিউ ইয়র্কে টেলিফোন করেন শেখ হাসিনা। মোমেনের কাছে প্রবাসী বাংলাদেশিদের সর্বশেষ পরিস্থিত জানতে চান তিনি। মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী দারুণ উদ্বিগ্ন স্যান্ডি কবলিত এলাকার প্রবাসীদের ব্যাপারে। তিনি সবার মঙ্গল কামনা করেছেন।” জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জানান, দুর্গত এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে আর সবার মতো বাংলাদেশিরাও অন্ধকারে রয়েছেন। অনেকের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায় প্রলয়ঙ্করী স্যান্ডি। পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে। হাডসন নদীর পানি উপচে তলিয়ে যায় লোয়ার ম্যানহাটনের বেশ কিছু এলাকা। রাস্তার বিভিন্ন টানেল ও সাবওয়েগুলো সয়লাব হয়ে যায় পানিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে নিউ ইয়র্ক রাজ্যকে দুর্গত এলাকা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেবল এ রাজ্যেই নিহত হয়েছেন ১৮ জন। দুর্গত ১৩টি রাজ্যে সব মিলিয়ে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত। দুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে টানা দ্বিতীয় রাতের মতো অন্ধাকারে কাটাতে হচ্ছে অন্তত ৮০ লাখ মানুষকে। ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সাবওয়ে টানেলে পানি ঢুকে পড়ায় নিউ ইয়র্কের গণ পরিবহন ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মোমেন জানান, নিউ ইয়র্ক সিটি ও আটলান্টিক সিটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া বাংলাদেশিরা এখনও ঘরে ফিরতে পারেননি। বুধবার বিকাল নাগাদ (বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত) তারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১৫ ঘ.