২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল’

মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মধ্য দিয়ে দেশের পরিবহন খাত এক ‘নতুন যুগে’ প্রবেশ করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মধ্য দিয়ে দেশের পরিবহন খাত এক ‘নতুন যুগে’ প্রবেশ করল। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীসহ সবার সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।” এতে গাড়ির মালিক ও যাত্রীরা ‘উপদ্রবমুক্ত’ থাকবেন এবং একজনের নামে কটি গাড়ি আছে, তাও জানা যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে তিনি দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, “যে কোনো দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে মারবেন না।” প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক আইন সম্পর্কে প্রথমে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এই ডিজিটাইজেশনে সহযোগিতার জন্য মেসিন টুলস ফ্যাক্টরিকে ধন্যবাদ জানান তিনি। অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান ও বাংলাদেশ মেসিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) চেয়ারম্যান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৬৪০ ঘ.