চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ স্থল বন্দর মহাসড়কের মুসলিমপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনিরুল ইসলাম মান্না (৩০) উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে মান্না ও সালাহ উদ্দীন নামের একজন মোটর সাইকেলে চড়ে সোনা মসজিদ যাচ্ছিলেন। মুসলিমপুর মোড়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মান্না মারা যায়। সালেহ উদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ট্রাকচালক খোকনকে আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩৬ ঘ.
bdnews24