২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের মামলায় হাজতবাস: আঞ্জুয়ারাকে হাজিরের নির্দেশ

অন্যের নামে করা মামলায় দুই মাস ২০ দিন ধরে হাজতবাসী বগুড়ার আঞ্জুয়ারা বেগমকে বুধবার সকাল ১১টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যের নামে করা মামলায় দুই মাস ২০ দিন ধরে হাজতবাসী বগুড়ার আঞ্জুয়ারা বেগমকে বুধবার সকাল ১১টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ। দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস মঙ্গলবার এই আদেশ দেয়। বগুড়া, নাটোর বা জয়পুরহাট- যে জেলার কারাগারেই ওই নারী বন্দি থাকুক না কেন, তাকে বুধবার হাই কোর্টে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে বগুড়া সদর থানার ওসিকেও আদালতে হাজির হতে হবে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। গত ২৫ অক্টোবর দৈনিক প্রথম আলোয় ‘রোয়ানা লাইলী বেগমের নামে হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়া সোমবার সকালে এই ‘হেবিয়াস কর্পাস’ রিট আবেদনটি করেন। মনজিল মোরসেদ বলেন, “ওই নারীকে আটক করা হয়েছে বগুড়া থেকে। তার নামে মামলা আছে নাটোর ও জয়পুরহাটে। তাই তিনি এখন কোথায় বন্দি আছেন- তা আমরা জানি না। এ কারণেই তিন জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। যার এলাকায় আছে, তিনিই আঞ্জুয়ারাকে নিয়ে আসবেন।” প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, লাইলী বেগমের নামে তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অথচ পুলিশ আঞ্জুয়ারা বেগম নামের অন্য এক গৃহবধূকে সেই পরোয়ানায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশের ভুলে দুই মাস ২০ দিন ধরে বিনা অপরাধে হাজতবাস করে এখন তিন মামলায় দুই জেলার আদালতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে নিরপরাধ আঞ্জুয়ারা বেগমকে। পুলিশ ও কারা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের অভিযোগে বগুড়া সদরের চারমাথা নিশিন্দারা এলাকার দুদু শেখের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে ২০০৫ সালের জুনে নাটোর সদর থানায় একটি এবং ২০০৮ সালের ফেব্রুয়ারি ও মে মাসে পাঁচবিবি থানায় দুটি মামলা হয়। এসব মামলায় আদালত লাইলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির পুলিশ সেই পরোয়ানা তামিল করতে গিয়ে গত ৩ অগাস্ট ভোরে চারমাথা এলাকা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখায় বলে প্রতিবেদনে উল্লেথ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আঞ্জুয়ারার স্বামী আবদুল আজিজ চারমাথা এলাকায় পানের দোকান চালান। তার বাসা শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকায়। আঞ্জুয়ারার বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ আঞ্জুয়ারার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রতিবেদন যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি লাইলী নন। বিনা অপরাধে হাজতে থাকা আঞ্জুয়ারাকে মুক্তি দিতে গত ৬ সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের কাছে আবেদন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গত ২১ অক্টোবর জেলা পুলিশের মামলা সমন্বয় সভাতেও বিষয়টি ওঠে। তবে এখন পর্যন্ত তিনি মুক্তি পাননি বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫০০ ঘ.