ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ সোমবার সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার দুপুরেও পুরান ঢাকা ও জুরাইন এলাকায় অনেকে পশু কোরবানি করেছেন। তাই ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বিলম্ব হচ্ছে।”
তিনি জানান, বর্জ্য সরানোর পর মঙ্গলবার থেকে ঝাড়– ও ধোয়ামোছার কাজ পুরোদমে শুরু হবে।
শনিবার দুপুর ১টার দিকে প্রশাসক মো. জিল্লার রহমানের উপস্থিতিতে রাজধানীর নয়াবাজার এলাকা থেকে বর্জ্য অপাসরণ শুরু করে ডিএসসিসি।
রোববার কাজের অগ্রগতি জানতে চাইলে জিল্লার রহমান বলেন, “প্রায় সাত হাজার পরিচ্ছন্নতা কর্মী অনবরত কাজ করে যাচ্ছে। আগামীকালের (সোমবারের) মধ্যেই কোরবানির পশু জবাইয়ের সব বর্জ্য রাস্তা থেকে অপসারণ করা হবে।”
প্রশাসক বলেন, “সরু গলির মধ্যে বর্জ্য থেকে থাকতে পারে। আমাদের ০২-৯০০৪৭৩৪ ফোন করে জানালেই কর্মীরা সেখানে চলে যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫১৮ ঘ.
bdnews24