ঝিনাইদহ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপায় একটি গ্রামে দুই দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
হাবিবপুর গ্রামে রোববার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ বাঁধে। ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে শৈলকূপা থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।
আহতদের মধ্যে ছয়জনকে শৈলকূপা এবং দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ওসি শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানি দেয়া নিয়ে কোন্দলের জের ধরে আওয়ামী লীগ সমর্থক আশরাফ মোল্লা এবং উমেদ মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড শটগানের গুলি ছুড়ে এবং ২ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
সংঘর্ষের সময় তিনটি বাড়ি ভাংচুর হয় বলে ওসি জানান। সংঘর্ষের পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৪ ঘ.
bdnews24