ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক খান সারওয়ার মুরশিদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
৮৮ বছর বয়সি এই শিক্ষাবিদ নিজেই শ্বাস নিতে পারায় লাইফসাপোর্ট খুলে নিয়েছেন চিকিৎসকরা। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এক মাসে পর পর দুবার স্ট্রোক হওয়ায় গত ১৮ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন খান সারওয়ার। তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।
খ্যাতনামা এই অধ্যাপকের ছেলে কে এ এস মুরশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় চিকিৎসকরা লাইফসাপোর্ট খুলে নেন। তিনি এখন নিজেই শ্বাস নিতে পারছেন।
“এটা একটি ইতিবাচক দিক। তবে তিনি সম্ভবত আর আগের অবস্থায় ফিরছেন না, কারণ তার মস্তিষ্কের অর্ধেক অংশই অকার্যকর হয়ে পড়েছে।”
খান সারওয়ার মুরশিদের পরিবার গত সপ্তাহে তাকে সিঙ্গাপুর নিতে চেয়েছিলেন, কিন্তু সেখানকার চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় ওই পদক্ষেপ নেননি তারা।
তবে নিজে শ্বাস নিতে পারায় এখন ওই বিষয়ে নতুন করে উদ্যোগী হওয়ার চিন্তা চলছে বলে কে এ এস মুরশিদ জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
খান সারওয়ার ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।
খান সারওয়ার মুরশিদের স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২১০৮ ঘ.
bdnews24