ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও ছড়াকার মারুফ চিনু আর নেই। ক্যান্সারাক্রান্ত হয়ে রোববার মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
’৮০ দশকে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ চিনু ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।
মারুফ চিনুর ঘনিষ্ঠজন, সাংবাদিক দীপংকর গৌতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সম্প্রতি শরীরে ক্যান্সার ধরা পড়ার পর সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন মারুফ চিনু। তবে ঈদ করার জন্য ঢাকায় আসার পর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মারুফ চিনুর স্ত্রী লিলি ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তাদের দুই মেয়ে রয়েছে।
রংপুরে জন্ম নেয়া মারুফ চিনু ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যে কমিটিতে সভাপতি ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
’৮০ দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মারুফ চিনুর বেশকিছু ছড়া জনপ্রিয় হয়েছিল; ‘দীপা-কাঞ্চন ডাক পাঠালো সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে দে শালাদের কবর দে’ এর অন্যতম।
ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়ে সাংবাদিকতা শুরু করেন মারুফ চিনু। প্রজন্ম, লাল সবুজে কাজ করার পর সাপ্তাহিক খবরের কাগজে যোগ দেন তিনি। বন্ধ হয়ে যাওয়া দৈনিক আজকের কাগজে সহযোগী সম্পাদক ছিলেন তিনি। এরপর তিনি দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা ছেড়ে কয়েক বছর আগে শেখ বোরহাউদ্দিন কলেজে যোগ দিয়ে অধ্যাপনা শুরু করেন মারুফ চিনু।
মারুফ চিনুর একটি ছড়ার বই ও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া সংবাদপত্রে রাজনৈতিক কলাম লিখতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24