২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জেল থেকে ৬ বাংলাদেশি দেশে ফিরেছে

ভারতের ব্যাঙ্গালোরে এক বছর কারাভোগের পর শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে এক শিশুসহ ছয় বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বেনাপোল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ব্যাঙ্গালোরে এক বছর কারাভোগের পর শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে এক শিশুসহ ছয় বাংলাদেশি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। সাজার মেয়াদ শেষে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। দেশে ফেরা বাংলাদেশিরা হচ্ছেন- আজম শিকদার (২৫), রেশমা খাতুন (২২), মান্নান সরদার (৩৮), সনিয়া আক্তার (২৫), মান্নান সরদারের মেয়ে লামিয়া খাতুন (৯) ও রাবেয়া খাতুন (২৫)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) পরিদর্শক কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় বিএসএফ এই ছয় বাংলাদেশিকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। দালালরা ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারতে নিয়ে যায়। ব্যাঙ্গালোরে পুলিশের অভিযানে তারা আটক হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। রাতে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে যাবে বলে পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৪ ঘ.