২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটে বেশি ভাড়া আদায়, চাঁদপুরে সংঘর্ষে আহত ১০

চাঁদপুর-শরীয়তপুর সড়কের হরিণা ফেরিঘাটে যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-শরীয়তপুর সড়কের হরিণা ফেরিঘাটে যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় আহতদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটে উত্তেজনা বিরাজ করছে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গরুবোঝাই বড় গাড়ি পারাপারের নির্ধারিত ফেরি ভাড়া পনেরশ’ টাকা। কিন্তু ইজারাদারের লোকজন ট্রাকপ্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করছে। এ নিয়ে বুধবার বেশ কয়েকজন চালককে ইজারাদারের লোকজন মারধরও করে। এর জের ধরেই বিকেলে হরিণা ফেরিঘাট ইজারাদারের প্রতিনিধি হাবু ছৈয়ালের সঙ্গে এলাকার একটি পক্ষের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, আহতদের মধ্যে মো. মহসিন (৩০), তার বোন রৌশন আরা (২৫), ইব্রাহিম হোসেন (৩৫) ও নাসিরউদ্দিনকে (৩২) গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার ওসি মাহবুর মোরশেদ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হানারচর ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু ঈদকে কেন্দ্র করেই নয়, ফেরিঘাটে যানবাহনের চাপ বেশি হলে ইজারাদার তার নিজের মতো করে ভাড়া আদায় করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৪৭ ঘ.