রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র ছাড়াই রামপালে এগিয়ে চলেছে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ।
প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি’ নামে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে, যার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঢাকায় কাজ শুরু করেছেন ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (এনটিপিসি) কর্মকর্তা ভিএস তামরাকার।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি’ নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়।
বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেন, “আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে কোম্পানিটি যৌথ মূলধনী কোম্পানি হিসাবে বাংলাদেশে নিবন্ধিত হবে।”
ভিএস তামরাকার বর্তমানে বিদ্যুৎ ভবনের একটি কক্ষে বসছেন বলে জানিয়েছেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবদুর রাজ্জাক।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশ যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে একমত হয়। এর একটি বাগেরহাটের রামপালে অন্যটি চট্টগ্রামে।
এরপর গত ২৯ জানুয়ারি রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করে ভারত ও বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫০৮ কোটি টাকা।
প্রকল্প পরিচালক আবদুর রাজ্জাক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপালে ইতোমধ্যে ৪২০ একর জমি অধিগ্রহণ করে তা উন্নয়নের কাজ চলছে। ২০১৩ সালের মধ্যে ভূমি উন্নয়নের কাজ শেষ হওয়ার পর কেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে।”
২০১৬ সালের মধ্যে রামপালে প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ইউনিটটি শেষ হওয়ার কথা এর দুবছর পর।
এদিকে রামপাল থেকে বিদ্যুৎ কেনার জন্য ‘পাওয়ার পারচেজ এপ্রিমেন্ট’ (পিপিএ) অনুমোদনের জন্য গত ১৭ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যতালিকায় থাকলেও ওইদিন বিষয়টি অনুমোদন দেয়া হয়নি।
সুন্দরবন থেকে ৪৫ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে পরিবেশবাদীরা। তাদের দাবি, এ কেন্দ্রের ফলে জীববৈচিত্র হুমকির সম্মুখীন হবে।
এ অবস্থায়ই পরিবেশ ছাড়পত্র ছাড়া কাজ এগিয়ে নেয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিদ্যুৎ সচিব বলেন, “পরিবেশ অধিদপ্তর প্রাথমিক ছাড়পত্র দিয়েছে। তারা আমাদেরকে কিছু রিকয়্যারমেন্ট দিয়েছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।”
পরিবেশের ওপর এ বিদ্যুৎ কেন্দ্রটির প্রভাব নিয়ে জানতে চাওয়া হলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশের প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরির জন্য আমরা বিদ্যুৎ বিভাগ থেকে বিভিন্ন তথ্য চেয়েছি। যেসব পর্যালোচনা করেই পরিবেশের প্রভাব এবং চূড়ান্ত ছাড়পত্রের সিদ্ধান্ত নেয়া হবে।”
প্রকল্প পরিচালক আবদুর রাজ্জাক বলেন, “আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি, এ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না। এখানে এমন প্রযুক্তি ব্যবহার করা হবে যে, ক্ষতিকর ধোঁয়া বের হবে না। তাছাড়া পানি গরম হয়ে মাছ মারা যাবে বলে যা বলা হচ্ছে তাও হবে না।”
শিল্প ও আবাসিক উভয় খাতেই ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য ভারত ও চীনের মতো কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ব্যবসায়ীরা।
ভারতের সঙ্গে যৌথভাবে ছাড়াও গত ২৭ জুন আমদানি করা কয়লা দিয়ে বেসরকারিখাতে এক হাজার ৮৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে সরকার।
দেশে বর্তমানে ছয় হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে দৈনিক গড় উৎপাদন ৫৮০০ থেকে ৬০০০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৯১৬ ঘ.
bdnews24