ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাবিদ খান সারোয়ার মুরশিদকে দেখতে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান। দুবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর থেকে এ হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৮৮ বছর বয়সী অধ্যাপক মুরশিদ।
প্রধানমন্ত্রী এই শিক্ষাবিদের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরীক অবস্থার খোঁজ-খবর নেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবকে উপার্চায খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও চিকিৎসকরা বলছেন, এই অবস্থায় তাকে স্থানান্তর করা সম্ভব নয়।
খান সারওয়ার মুরশিদ ২০১০ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। তিনি ট্রান্সপাররেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৪০ ঘ.
bdnews24