নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক বাস চালক নিহত হয়েছেন।
নিহত আলী আহাম্মেদ (৬০) বন্দর উপজেলার বেপারীপাড়া এলাকার আইউব আলীর ছেলে। তিনি মদনগঞ্জ-ঢাকা রুটের চলাচলকারী শ্রাবণ পরিবহনের চালক ছিলেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে মদনগঞ্জ-মদনপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস চালক আলী আহম্মদকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বাস চালক আলী আহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা সকাল ৮টার দিকে মদনগঞ্জ এলাকায় বিক্ষোভ শুরু করে ও মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০৪৬ ঘ.
bdnews24