২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত মাহাবুব আলম রতন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল শাখার যুগ্ম-সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বুধবার বিকালে রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রতন তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে শহরে যান। তার বন্ধু মোটরসাইকেলটি চালাচ্ছিল। তারা সাহেব বাজারের আরডিএ মার্কেটের সামনে পৌঁছালে তিন যুবক পথ রোধ করে রতনকে পেটে ছুরকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার জন্য ইসলামী ছাত্র শিবিরকে অভিযুক্ত করেন ছাত্রলীগ নেতা। রমেক হাসপাতালের চিকিৎসক আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রতনের পেটে দুই জায়গায় গভীরভাবে ছুরি ঢুকেছে। এখনো তিনি শঙ্কামুক্ত নন। তিনি জানান, রতনকে প্রথমে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও সন্ধ্যা ৭টায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাকে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলেই পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। এর আগে গত সোমবারও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতাকে বিনোদপুর বাজারে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৩১ ঘ.