২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক কাবিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নরসিংদীতে সাংবাদিক তালহাদ আহমেদ কাবিদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নরসিংদী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সাংবাদিক তালহাদ আহমেদ কাবিদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব ভবনে এক শোকসভারও আযোজন করেন নরসিংদীর সাংবাদিকরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার শহর প্রতিনিধি তালহাদ আহমেদ কাবিদ। প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলীর সভাপতিত্বে শোকসভা থেকে তিনদিনের শোক ঘোষণা করা হয় ও সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। সভাপতির বক্তৃতায় সরকার আদম আলী বলেন, কাবিদ হত্যাকারীদের খুঁজে বের করা না হলে ঈদের পর এ হত্যাকা-ের বিচার দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মাদক ও অপরাধ বিষয়ে কাবিদের দুঃসাহসিক প্রতিবেদনের কথা উল্লেখ করে দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক ফারুক মিয়া বলেন, “কাবিদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনে নরসিংদীর মাদক ও অপরাধী চক্র দিশেহারা হয়েই তাকে খুন করার পথ বেছে নিয়েছে।” অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি। নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ মন্টি বলেন, সাংবাদিক কাবিদ হত্যাকারীরা একটি ভয়ংকর চক্রের সদস্য। তাদের খুঁজে বের করতে না পারলে আবারও সাংবাদিক হত্যার আশঙ্কা থেকে যাবে। এদিকে নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সাংবাদিক কাবিদ হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে কাবিদের বড় দুই ভাই মাসুদ ও সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে কাবিদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে শালিধায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮০৬ ঘ.