২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের কিছু সিম ‘বন্ধ হতে পারে’

তবে অকার্যকর ওই সিম গ্রাহক সেবা কেন্দ্র থেকে বিনা খরচে বদলে নেয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থ্রি জি নেটওয়ার্ক উন্নয়নের জন্য কিছু গ্রাহকের সিম অকার্যকর হয়ে যেতে পারে বলে জানিয়েছে টেলিটক। তবে অকার্যকর ওই সিম গ্রাহক সেবা কেন্দ্র থেকে বিনা খরচে বদলে নেয়া যাবে বলে রাষ্ট্রায়ত্ত এই মোবাইল ফোন অপারেটর মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে আরো বলা হয়, বিশেষ ব্যবস্থায় ২৪ অক্টোবর পূজার ছুটির দিনও ঢাকায় টেলিটকের আটটি ‘কাস্টমার কেয়ার সেন্টার’ সিম প্রতিস্থাপনের জন্য খোলা থাকবে। টেলিটকের মহা ব্যবস্থাপক (বিপণন) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী পরিমাণ সিম অকার্যকর হয়ে যেতে পারে, তা এখন বলা যাচ্ছে না, তবে এ সমস্যা শুধু ঢাকার গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।” থ্রিজি নেটওয়ার্কে উন্নয়ন কাজের জন্য সোমবার মধ্যরাত থেকে ভোগান্তিতে পড়ে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের বেশ কিছু গ্রাহক। টেলিটক সংযোগ ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেন, সোমবার মধ্যরাত থেকে তারা সংযোগ পাচ্ছেন না। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির হিসাবে, গত অগাস্ট মাস পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ। হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থ্রি জি নেটওয়ার্ক উন্নয়নের জন্য টেলিটক গত রাত থেকে কাজ শুরু করে। বর্তমানে যারা টু-জি সংযোগ ব্যবহার করছে তাদের থ্রি জি নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতেই এ কাজ শুরু হয়েছে। নেটওয়ার্ক উন্নয়নের পর যে কোনো টু জি গ্রাহক শর্ত পূরণ করে থ্রি জি সেবা পাবেন। গত ১৪ অক্টোবর দেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি সেবার কার্যক্রম শুরু করে টেলিটক। থ্রি জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৩০ ঘ.