২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাট সংকটে মাওয়ায় দীর্ঘ যানজট

পদ্মার ভাঙনে মাওয়ায় পুরনো তিনটি মূল ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় নতুন দুটি ঘাট দিয়ে চলছে যান পারাপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙনে মাওয়ায় পুরনো তিনটি মূল ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় নতুন দুটি ঘাট দিয়ে চলছে যান পারাপার। নতুন চালু করা ঋষিবাড়ি ঘাটের সংযোগ সড়ক অপ্রশস্ত হওয়ায় একটা মাত্র ঘাট দিয়ে সব ধরনের এবং অপরটি দিয়ে কেবল হালকা যান পারাপার করা হচ্ছে। ফলে মাওয়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাট সংকটের কারণে মাওয়া ও কাওড়াকান্দি দু’পাড়েই পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় ৬শ’ যান। পারাপারের অপেক্ষায় থাকা বাস ও ট্রাকের সংখ্যা ক্রমশ বাড়ছে। এতে ঘরমুখো মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। বিআইডব্লিউটিসির মাওয়ার ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, ফেরি পর্যাপ্ত রয়েছে এখন সঙ্কট শুধু ঘাটের। একটি ঘাট দিয়ে সব ধরনের গাড়ি লোড অনলোড করা যায় আর আরেকটি ঘাট দিয়ে শুধু ছোট গাড়ি পারাপার করা যায়। ১৫টি ফেরির সবগুলো সচল রয়েছে বলেও জানান তিনি। সঙ্কট নিরসনে অন্তত চারটি ঘাটের প্রয়োজনীয়তা তুলে ধরে সিরাজুল হক বলেন, ঋষিবাড়ি ঘাটের পাশেই আরেকটি ফেরিঘাট তৈরির কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। যত দ্রত সম্ভব এই ঘাটের কাজ শেষ করা হবে। তখন পারাপারে আর সমস্যা থাকবে না। এদিকে পারাপারে অনিয়মের অভিযোগ করেছেন অপেক্ষায় থাকা ট্রাক চালকরা। মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই খন্দকার খালিদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোন চাঁদাবাজি বা অনিয়ম হচ্ছে না। তবে যাত্রীবাহী যানগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হচ্ছে। টাকার বিনিময়ে ফেরিতে গাড়ি আগে তোলার অভিযোগও অস্বীকার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৩০ ঘ.