২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বারভিডায় প্রশাসক নিয়োগে বাধা নেই’

রিকন্ডিশনড গাড়ি আমাদানিকারকদের সংগঠন বারভিডার কমিটি বাতিল এবং সেখানে প্রশাসক নিয়োগ নিয়ে হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকন্ডিশনড গাড়ি আমাদানিকারকদের সংগঠন বারভিডার কমিটি বাতিল এবং সেখানে প্রশাসক নিয়োগ নিয়ে হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা এই আদেশ দেয়। এ আদেশের পর কার্যক্রম চালিয়ে নিতে বারভিডার নিয়োগকৃত প্রশাসকের কোনো বাধা রইল না বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেইকেলস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বিলুপ্ত করে সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. মোকাব্বার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাই কোর্ট। পাশাপাশি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে বারভিডার নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালককে নির্দেশ দেয় আদালত। নির্বাচন শেষ করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটির কাছে ক্ষমতা হন্তান্তর ওই বোর্ডকে বলা হয়। সকালে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি হাই কোর্টের দেওয়া দুই অন্তর্বতীকালীন নির্দেশনা স্থগিত করে দেয়। আদালতে বারভিডার পক্ষে ছিলেন শেখ মো. মোরশেদ এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৬২৫ ঘ.