২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ১৬ পদে রদবদল

১১ উপসচিবসহ প্রশাসনের ১৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ উপসচিবসহ প্রশাসনের ১৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব রদবদলের আদেশ জারি ও প্রকাশ করেছে। উপসচিবদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা তাজুল ইসলাম প্রধানকে একই সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহিম ভূঁইয়াকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব আব্দুর রহিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব সোলেমান খানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং নালিতাবাড়ি উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক আইনুল কবীরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব সৈয়দ মেহদী হাসানকে পরিবেশ ও বন মন্ত্রণালয় ও ড. গোলাম মোস্তফাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব জুলেখা সুলতানাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মো. মুসাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। উপসচিব ফয়জুর রহমান ফারুকীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে। জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ফারুক আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব মুহম্মদ কামরুজ্জামানকে ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে’কে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তাহনিয়া রহমান চৌধুরী এবং সিলেটের কোম্পানিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) খালেদুর রহমানকে ইউএনও নিয়োগের জন্য ন্যস্ত করা হয়েছে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৩৪ ঘ.