ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘কলমবন্ধু’ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। তার রচিত ‘সেই সময়’, ‘পূর্ব পশ্চিম’ এবং ‘প্রথম আলো’ প্রভৃতি উপন্যাস, নিখিলেশ ও নীরা কবিতার সিরিজসহ অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, রম্যরচনা ও নাটকের মাধ্যমে তিনি পাঠকের কাছে অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি।”
মুক্তিযুদ্ধের সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “সেই সময় তার প্রবন্ধ ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছিল। শরণার্থীদের দুঃখ-কষ্ট সহ্য করার সাহস যুগিয়ছিল।”
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত ২টায় কলকাতায় নিজের বাসায় মৃত্যু হয় কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়ের। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রধানমন্ত্রী বলেন, “ফরিদপুর জেলায় জন্ম নেয়া সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক নতুন ধারার প্রবর্তন করেন। কালোত্তীর্ণ এ সাহিত্যিকের মুত্যুতে সমসাময়িক বাংলা সাহিত্যের একটি যুগের আবসান হলো।”
সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৫৩ সালে কবিতা বিষয়ক ম্যাগাজিন ‘কীর্তিবাস’ সম্পাদনার মাধ্যমে নতুন কবিদের জন্য স্থান করে দিতে অবদান রাখেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সুনীল গঙ্গোপাধ্যায়ের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা। পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদের এই শোক বহনের শক্তি যোগাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24