২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমেনি কোরবানির হাট

বন্দরনগরী চট্টগ্রামের স্থায়ী পশুরহাট বিবিরহাটসহ অন্যান্য হাটে কোরবানির পশু কেনাবেঁচা সোমবার পর্যন্ত জমে উঠেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 05:21 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের স্থায়ী পশুরহাট বিবিরহাটসহ অন্যান্য হাটে কোরবানির পশু কেনাবেঁচা সোমবার পর্যন্ত জমে উঠেনি। ঈদুল আযাহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে প্রতিদিনই বিবিরহাটে গরু-ছাগল নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিক্রেতারা। সোমবার বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা শুধু পশুর যতœ নিচ্ছেন। তেমন একটা বিক্রি না হওয়ায় গরুর বাজার উপলক্ষে জাল টাকা সনাক্ত করতে বসানো অস্থায়ী বুথে টাকা পরীক্ষা হচ্ছে না। একটি বুথে জাল নোট সনাক্তের দায়িত্বে থাকা সোনালী ব্যাংক কর্মকর্তা আবছার উদ্দিন মাহমুদ জানান, পশু বেঁচা কেনা হচ্ছে না। রোববার ও সোমবার একজনও টাকা পরীক্ষা করাতে তার কাছে আসেনি। বিবিরহাট গরু-ছাগল বাজারের ইজারাদার আবদুর রহিম সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে পশু পর্যাপ্ত পরিমানে উঠলেও বিক্রি কম। মঙ্গলবার থেকে পশু বিক্রির পরিমাণ বাড়বে বলে তার প্রত্যাশা। কুষ্টিয়া, পাবনা, ঠাঁকুরগাও, কুমিল্লা , ফরিদপুর ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগামের হাটগুলোতে বিক্রেতরা গরু-ছাগল নিয়ে এসেছেন বলে জানান তিনি। কুষ্টিয়ার থেকে ৫০টি গরু নিয়ে শুক্রবার বিবিরহাট বাজারে এসেছেন আজম আলী (৪৫)। তিনি জানান, এখনও কোন গরু বিক্রি করতে না পারলেও তিনি হতাশ নয়। দুই একদিনের মধ্যেই বাজার জমে উঠবে। আর তখন সব গরুই বিক্রি হয়ে যাবে। ক্রেতারা কেউ কেউ ঘুরে ফিরে দেখছেন, দামদর করছেন, কিন্তু গরু বিক্রি হচ্ছে হাতেগোনা। একই চিত্র দেখা গেছে নগরীর অপর একটি পশুর হাট সাগরিকা গরুর বাজারে। এখানেও পশুর আমদানি বেশি, তবে বিক্রি কম। এছাড়া নগরীর অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে গড়ে ওঠা ছোট গরুর বাজারও জমেনি সোমবার পর্যন্ত। সোমবার সাগরিকা গরুর বাজারে আসা মইনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দুই-একদিন আগে তিনি গরু কিনবেন। বাজারে এসেছেন দর-দাম করতে। তার মতো অনেকেই বাজারে এসে দামদর করে যাচ্ছেন। কিন্তু কেনাকাটা করবেন ঈদের আগের দিন। স্টিলমিল পশুর বাজারের ইজারাদার ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারিক জানান, বাজারে এবার গরুর সরবরাহ প্রচুর। তাই দামও নাগালের মধ্যে থাকবে। সীমান্তে কড়াকড়ির কারণে এবার মিয়ানমারের গরুর সরবরাহ কম, তবে প্রতিবারের মতো এবারও কয়েকটি হাটে দেখা মিলছে নেপালি গরুর। ভারত থেকে আনা গরুও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১১১৮ ঘ.