২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাষ্টমীতে চট্টগ্রামের পূজা মণ্ডপে উপচেপড়া ভিড়

দুর্গা পূজার মহাষ্টমীতে সোমবার চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে নানা বয়সী দর্শনার্থী, পূজারি ও ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 06:54 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা পূজার মহাষ্টমীতে সোমবার চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে নানা বয়সী দর্শনার্থী, পূজারি ও ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। এদিন ছিল কুমারী পূজা। দুর্গা পূজার অন্যতম আকর্ষণ মহাষ্টমীতে এ উপলক্ষে নগরীর প্রায় প্রতিটি সড়কে মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। সকালে নগরীর পাথরঘাটা এলাকার শান্তনেশ্বরী মন্দীরে কুমারী পূজা উদযাপিত হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। বন্দরনগরীর হাজারী লেন, পাথরঘাটা সতীশবাবু লেন, গোসাইল ডাঙা লেন, রাজাপুকুর লেন, চেরাগীপাহাড় মোড়, ঘাটফরহাদবেগ, দেওয়ানজী পুকুর লেন, আসকার দীঘির পাড় এলাকাসহ বিভিন্ন মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। নানা রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে মণ্ডপগুলো। পাশাপাশি পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। রয়েছে স্বেচ্ছাসেবক কমিটি। হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও মহাষ্টমীতে পূজা দেখতে ভিড় জমান। বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখেছেন অজয় শীল, পাপশ দাশ ও সঞ্জয় দেব। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বন্ধুদের নিয়ে ১৯৯৮ সাল থেকে প্রতি বছর মহাষ্টমী পূজা দেখতে বের হন। এ দিনটা আনন্দ-উল্লাসে উপভোগ করেছেন বলে তারা জানালেন। কলেজ শিক্ষার্থী শিমু দে বলেন, “বান্ধবীরা মিলে নগরীর মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা উৎযাপন করতে ভালো লাগে। এবারও সবাই এক সঙ্গে মজা করে পূজা উৎযাপন করেছি।” মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর প্রায় প্রতিটি পূজা মণ্ডপে ব্যাপক ভিড় ছিল লক্ষ্যণীয়। ভক্তরা সুশৃঙ্খলভাবে পূজা উৎযাপন করছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্যামল পালিত জানান, এবার চট্টগ্রামে এক হাজার ৭৪১টি পূজা মণ্ডপে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে মহানগরীতে ২৫১ টি ও ১৪টি উপজেলায় এক হাজার ৪৯০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/০০৩৫ ঘ.